চাঁনখারপুলে ছয়জনকে হত্যা: আট পুলিশের বিরুদ্ধে বিচার শুরু

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। একই সঙ্গে, মামলায় সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট আসামির দায়মুক্তির আবেদন খারিজ করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় চাঁনখারপুল এলাকায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। নিহতরা হলেন শহীদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া।

মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা মানবতাবিরোধী অপরাধে সরাসরি যুক্ত। ৯০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে ৭৯ জন সাক্ষীর জবানবন্দি, ১৯টি ভিডিও ফুটেজ, ১১টি সংবাদ প্রতিবেদন, ২টি অডিও, ১১টি বই ও বিভিন্ন প্রতিবেদন এবং নিহত ছয়জনের ডেথ সার্টিফিকেট যুক্ত করা হয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্ত শেষ করতে সময় লেগেছে ছয় মাস ১৩ দিন।

মামলার পলাতক চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। তাদের ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রেপ্তার চার আসামি ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলামকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২৫ মে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। সেদিনই অভিযোগটি আমলে নেন ট্রাইব্যুনাল।

নিহতদের পরিবারের সদস্যরা সুষ্ঠু বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *