ইনস্পেক্টর থেকে এএসপি: পুলিশের কাঠামোয় নতুন রদবদল

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীতে বড় ধরনের পদোন্নতি হয়েছে। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদ থেকে একসাথে ৩৯ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উন্নীত হয়েছেন। সোমবার(২২শে সেপ্টেম্বর) জারি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ পদোন্নতি অবিলম্বে কার্যকর ধরা হবে। এএসপি পদে উন্নীত হওয়ায় কর্মকর্তাদের দায়িত্ব ও প্রভাব দুটোই বাড়ছে।

বাংলাদেশ পুলিশের কাঠামোয় এএসপি পদ একটি গুরুত্বপূর্ণ স্তর। এই পদে উন্নীত হওয়া মানে মাঠপর্যায়ে শুধু কার্যকরী ভূমিকা নয়, নীতিনির্ধারণী ও তদারকি কার্যক্রমেও সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হওয়া। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালনে এএসপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি পুলিশ বাহিনীতে কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে ধাপে ধাপে পদোন্নতি দেওয়া হচ্ছে। এবার একসাথে ৩৯ জনকে এএসপি পদে উন্নীত করায় বাহিনীর ভেতরে কর্মস্পৃহা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে এই নতুন পদোন্নতি কতটা প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলে দেবে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *