সিলেটে ট্রাক্টরের চাপায় পর্যটকের মৃত্যু, আহত একই পরিবারের ৫ জন

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো. জিয়াউল হক নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে পর্যটকবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা সাদাপাথর পর্যটনকেন্দ্রের দিকে যাচ্ছিল। পথে শাহ আরেফিন টিলার দিক থেকে দ্রুতগতিতে নামা একটি পাথরবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে সম্রাট, তার স্ত্রী সুমাইয়া, মেয়ে সাওদা, ছেলে সিনান ও সিএনজি চালক রমজান আলী আহত হন। এদের মধ্যে শিশু সিনানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, নিহত জিয়াউল পরিবারসহ সিলেট বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাক্টরচালককে আটক করার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহ আরেফিন টিলায় পাথর বহনের নামে প্রতিদিন অসংখ্য ট্রাক্টর নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করে। এসব যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

পর্যটক জিয়াউল হকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটি আনন্দভ্রমণে বেরিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় পড়বে—তা কেউ ভাবতেও পারেনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *