চট্টগ্রামে ওয়ার্কশপে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ আট

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা এলাকায় একটি ওয়ার্কশপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৭শে সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে হাইড্রোলিক পাইপ হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুনে আটজন শ্রমিক দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দগ্ধরা হলেন:

মো. আবদুল কাদের (৬০)

মো. আবুল কাসেম (৬০)

মো. করিম (২৯)

আবদুল জলিল (৫৫)

আবুল বশর খান (৬৫)

জামাল হোসেন (৩৮)

মো. রাসেল (২৮)

মো. বাহার উদ্দিন (৪৫)

হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের এক চিকিৎসক জানান, আহতদের মধ্যে আবুল বশর খানের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। বাকিদের শরীরে ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। বর্তমানে সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, ওয়ার্কশপে দীর্ঘদিন ধরে পুরোনো হাইড্রোলিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছিল। শ্রমিকরা বারবার ঝুঁকি থাকার কথা উল্লেখ করলেও মালিকপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাইড্রোলিক পাইপের ত্রুটি থেকেই এই দুর্ঘটনা ঘটে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

এই ঘটনাকে কেন্দ্র করে শিল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও ওয়ার্কশপে পুরোনো যন্ত্রপাতির ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *