চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন র্যাব সদস্য।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত র্যাব কর্মকর্তার নাম মো. মোতালেব। তিনি র্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার তথ্য নিশ্চিত করেছেন র্যাব–৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের একটি দল অভিযানে যায়। অভিযানের সময় স্থানীয় দুর্বৃত্তরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাবের ওই কর্মকর্তা সহ চারজন গুরুতর আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক র্যাব কর্মকর্তা মো. মোতালেবকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিন র্যাব সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
