রংপুরে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারণার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালপুর ইউনিয়নের ধাপ নয়াপাড়া এলাকার লাল মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩২), হাফিজুর রহমান (৩৩), শামীম মিয়া (২৪) এবং সুলতান মিয়ার ছেলে সুমন সরকার ওরফে তিতাস (২৮)।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিপন মিয়া নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি অনলাইনে ক্যাসিনো পরিচালনা এবং ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। তারা প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়ে ভুক্তভোগীদের ডেকে নিত। এরপর কৌশলে অজ্ঞান করে তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত।
ওসি নুর আলম সিদ্দিকী আরও বলেন, শুধু রংপুর নয়, দেশের বিভিন্ন জেলায়ও এই চক্র একই কায়দায় প্রতারণা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
