ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে এই ত্রাণসামগ্রী দেশটিতে পৌঁছে দেওয়া হবে।
সরকারি সূত্র জানিয়েছে, প্রেরিত সহায়তার মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশুদের জন্য দুধ ও অন্যান্য খাদ্যসামগ্রী, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধপত্র।
গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ এবং ধসে পড়েছে অন্তত আট হাজার ঘরবাড়ি। খাবার, পানি, আশ্রয় ও চিকিৎসার তীব্র সংকটে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে এই সহায়তা পাঠানো হচ্ছে। ত্রাণ কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয় ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, প্রাণ-আরএফএল গ্রুপ এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি যৌথভাবে অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ভূমিকম্পের পরেও বাংলাদেশ থেকে আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।
