জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করেছে : গুইন লুইস

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

বাংলাদেশের আসন্ন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন, এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন গুইন লুইস। বৈঠকে তিনি নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আসন্ন জাতীয় নির্বাচন। এ সময় স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে উভয় পক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় ইতোমধ্যে শরণার্থী শিবিরে শিক্ষা ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে। প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, কার্যকর মানবিক প্রতিক্রিয়া বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি সহযোগিতা এখন জরুরি।

এ ছাড়া বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। গুইন লুইস বাংলাদেশের সংস্কার ও উন্নয়ন প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জনে সহযোগিতার আশ্বাস দেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *