নির্বাচনী দায়িত্বে অনীহা দেখালে শৃঙ্খলাভঙ্গ: সরকারী পরিপত্র

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

3 Min Read

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়—সেজন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কেউ অনীহা, অসহযোগিতা বা শৈথিল্য দেখালে ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে—এমন নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশে এই নির্দেশনা সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাদের অধীনস্থ সব অধিদফতর, দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে যে, এই নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে।

পরিপত্রে জানানো হয়েছে, ইতোমধ্যে নির্বাচন পরিচালনার জন্য ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষক এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরিপত্রে নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের জন্য যে নিয়মগুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো—নিয়োগপত্র পাওয়ার পর বা নির্বাচনী কাজে নিয়োজিত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ‘নির্বাচন কর্মকর্তা’ হিসেবে গণ্য হবেন এবং সরাসরি নির্বাচন কমিশনের নিকট দায়বদ্ধ থাকবেন। দায়িত্ব পালনে অনীহা, অসহযোগিতা, শৈথিল্য বা ভুল তথ্য প্রদানকে ‘অসদাচরণ’ হিসেবে বিবেচনা করা হবে। এবং ১৯৯১ সালের আইনের ৪ ও ৫ ধারা অনুযায়ী কোনো কর্মকর্তা বা কর্মচারী দোষী সাব্যস্ত হলে সরকারের পক্ষ থেকে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষভাবে সতর্কতা মেনে চলতে বলা হয়েছে, কারণ নির্বাচনী প্রক্রিয়ায় শিক্ষকরা প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. খালিদ হোসেন জানান, গত ৯ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা ইতোমধ্যে মাঠ পর্যায়ের সব অঞ্চল, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাউশি, নায়েম, ব্যানবেইস, এনটিআরসিএ এবং এনসিটিবিসহ সংশ্লিষ্ট সব শিক্ষা সংস্থাকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে প্রশ্নাতীত করতে চায়। তাই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সাথে পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, এই জাতীয় দায়িত্বে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

এভাবে নির্বাচনকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে সরকারী নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সাধারণ জনগণের আস্থা বজায় থাকবে—এটাই মূল লক্ষ্য।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *