তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান–এর পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা জোরদার করতে হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ জন্মভূমি মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান বিলাল এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। তাঁর সঙ্গে ছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী জনপ্রিয় ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (TIKA)–এর চেয়ারম্যান আরন আবদুল্লাহ।
বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান এবং পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।
পরে তারা কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিলাল এরদোয়ান বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে শিক্ষা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।
তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, তুরস্ক সরকার ও জনগণ সবসময় রোহিঙ্গা শরণার্থীদের পাশে থাকবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা রাখবে।
ব্রিফিং শেষে প্রতিনিধি দলটি সড়কপথে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান। সফরসূচিতে ক্যাম্প-৯–এ তুরস্কের ফিল্ড হাসপাতাল এবং ক্যাম্প-১৬–এ টিকার সহায়তায় পরিচালিত শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়া প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পবিত্র রমজান মাসের প্রথম ইফতার কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
