পরিবহন খাতে মালিক-শ্রমিক সংগঠনের নামে তোলা অর্থকে চাঁদা হিসেবে দেখছেন না সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সমঝোতার ভিত্তিতে এই টাকা তোলা হয়, জোরপূর্বক আদায়ের কোনো সুযোগ নেই। তবে এই অর্থ বাড়তি নেওয়া হচ্ছে কি না, তা সরকার খতিয়ে দেখবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতিগুলো নির্দিষ্ট হারে অর্থ তুলে তা সংশ্লিষ্টদের কল্যাণে ব্যয় করে। তিনি বলেন,
চাঁদা বলতে আমি সেটাকে বুঝি, যেটা কেউ দিতে চায় না বা দিতে বাধ্য করা হয়। এখানে তারা সমঝোতার ভিত্তিতে কাজ করছে।
তিনি আরও বলেন, বিভিন্ন শ্রমিক সংগঠন সমঝোতার ভিত্তিতেই এই অর্থ তোলে। তবে এতে কোনো ব্যক্তি বা পক্ষ বঞ্চিত হচ্ছে কি না এবং অর্থের অপব্যবহার হচ্ছে কি না, তা সরকার পর্যবেক্ষণ করবে।
আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি কমাতে আগের সফল মডেল অনুসরণ করা হবে বলেও জানান মন্ত্রী। অতিরিক্ত কিছু পদক্ষেপ যুক্ত করার বিষয়ে তিন থেকে চার দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
