সব নীতির মতো পররাষ্ট্রনীতিও দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে জনসাধারণের ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,
বাংলাদেশের শুধু পররাষ্ট্রনীতিই নয়, সব নীতিই পরিচালিত হবে সবার আগে বাংলাদেশ নীতিতে। সব দেশের সঙ্গে সমমর্যাদা নিয়ে সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে—কিন্তু সেটা সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।
তিনি আরও জানান, বিভিন্ন দেশের সঙ্গে ভিসা সংক্রান্ত যে জটিলতা রয়েছে, তা সমাধানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দ্বিপাক্ষিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া ফরিদপুরের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে নিজ এলাকায় পৌঁছে তিনি তার বাবা, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান-এর কবর জিয়ারত করেন। পরে স্থানীয় মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
