নতুন সরকার গঠনের প্রাক্কালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের নাসিমুল গণি জানান, ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকালের শপথ অনুষ্ঠানের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। শপথ আয়োজনের খুঁটিনাটি কিছু চাহিদা তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যা গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে সংসদের নির্ধারিত শপথ কক্ষে এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান নতুন মন্ত্রিপরিষদ সচিব।
এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী। এর আগে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ-এর চুক্তি বাতিল করা হয়। পরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া-কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। সবশেষে পূর্ণাঙ্গ নিয়োগ পেলেন ড. নাসিমুল গণি।
শপথ অনুষ্ঠানের আগমুহূর্তে প্রশাসনের শীর্ষ পর্যায়ে এ পরিবর্তন ও বৈঠক রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
