নির্বাচন কমিশনে তারেক রহমান, সম্পন্ন হলো এনআইডি কার্যক্রম

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

দীর্ঘদিন পর নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি নির্বাচন কমিশনে পৌঁছান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদানসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেছেন তারেক রহমান। এর আগে তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইনে আবেদন করেন। একই সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ফরম পূরণ করেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সবকিছু ঠিক থাকলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭–৮ ঘণ্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি কার্ড প্রস্তুত হবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন। একই সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

তার আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জিয়ারত শেষে সরাসরি নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

সকাল থেকেই তারেক রহমানের আগমন ঘিরে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

প্রায় দেড় যুগ পর দেশে ফেরার পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এনআইডি কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান—যাকে রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *