শাহজালাল বিমানবন্দরে মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

3 Min Read

কন্যা ও স্ত্রীসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র নেতারা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ অন্যান্য শীর্ষ নেতারা।

এদিকে, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি যাত্রা শুরু করে।

এর আগে স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সপরিবারে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

বিমান সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে যাত্রা করছেন। রুটটি লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকা। উচ্চপদস্থ যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় বিশেষ নিরাপত্তা ও সমন্বয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমানের জন্য বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়।

শিডিউল অনুযায়ী, ফ্লাইটটি সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের সঙ্গে ফ্লাইটে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন, সৈয়দ মইনউদ্দিন আহমেদ ও তাবাসসুম ফারহানা।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের একটি মঞ্চ তৈরি করা হয়েছে।

ঢাকায় পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি সংবর্ধনাস্থলে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে গুলশান-২ নম্বরে নিজ বাসভবনে ফিরবেন।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তির পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। এরপর দীর্ঘ সময় রাজনৈতিক ও আইনি বাস্তবতায় দেশে ফেরা সম্ভব হয়নি।

দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে আজ দেশের মাটিতে ফিরছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোড়ন সৃষ্টি হয়েছে, তেমনি দলীয় নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও আবেগের আবহ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *