শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে বিএনপি। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের পর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠনের অঙ্গীকার করেছে দলটি।
সোমবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল থেকেই জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির নেতাকর্মীদের ভিড় দেখা যায়। বেলা ১১টার কিছুক্ষণ পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি রাজনীতি করে। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দলটি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ফেব্রুয়ারির ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত হয়েছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ে নানা জটিলতা থাকলেও নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে বলে বিএনপির প্রত্যাশা রয়েছে।
