জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে জাতীয় সংসদ। এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যমান মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে আইনি পদক্ষেপ বন্ধের পথ খুলে গেল।
বুধবার (৮ এপ্রিল) সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। পরে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়।
সংসদে পাস হওয়া ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ অনুযায়ী, অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা যাবে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব অভিযোগ বাতিল করা হবে।
এছাড়া, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে কোনো মামলা বা আইনি ব্যবস্থা নেওয়া আইনত নিষিদ্ধ থাকবে।
একই দিনে সংসদে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬’ও পাস হয়েছে। নতুন এই আইনের আওতায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা পাবে সরকার।
বিশ্লেষকদের মতে, এই দুটি বিল দেশের রাজনীতি ও আইনব্যবস্থায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এবং ইতোমধ্যে এ নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
