৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, দুই উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও সুনির্দিষ্ট করতে মন্ত্রিসভার আটজন প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন কার্যকর করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শরিফুল আলম এখন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

হাবিবুর রশিদ রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ফারজানা শারমীন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এছাড়া মো. নুরুল হক নুরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

দুই রাজনৈতিক উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব

আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও বৃদ্ধি করা হয়েছে। নজরুল ইসলাম খান বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। রুহুল কবির রিজভী আহমেদ শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি তাঁদের মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পূর্ববর্তী প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং নতুন দায়িত্ব পুনর্বণ্টনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *