“শুধু সরকার নয়, সিস্টেম বদলাতে হবে। এবারের আন্দোলন নতুন দেশ গঠনের জন্য।” – এমনই দৃঢ় উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (৫ জুলাই) বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, “২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। কিন্তু আমরা বলেছিলাম, শুধু ব্যক্তির বা দলের পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে গত এক বছরে সেই পরিবর্তন আমরা দেখতে পাইনি। এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজি, সন্ত্রাস, মাফিয়া সিস্টেম বহাল আছে।”
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পঞ্চম দিনে জয়পুরহাট জেলা এনসিপির আয়োজিত এই পথসভা শুরু হয় বিকেল সোয়া ৪টায়, শহরের সিও কলোনী এলাকা থেকে। সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন নেতাকর্মীরা।
নাহিদ ইসলাম বলেন, “বিপ্লবীরা এখনো ঘুমায়নি। জয়পুরহাটবাসীও ঘুমায়নি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এই জেলার অনেক সাহসী সন্তান শহীদ হয়েছেন—মেহেদী হাসান, রিতা আক্তার, নজিবুল সরকার, মিনহাজসহ আরও অনেকে। আমরা তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।”
তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে “বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের” ইশতেহার ঘোষণা করা হবে। সেই ইশতেহারে জয়পুরহাটসহ দেশের সব মানুষের ভবিষ্যৎ মুক্তির দিকনির্দেশনা থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সভায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ পথসভায় ফিরোজ আলমগীরকে জয়পুরহাট জেলা সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দেন এনসিপি নেতারা।
নাহিদ ইসলাম তার বক্তব্য শেষ করেন এই আহ্বান জানিয়ে—“আপনারা চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্য দূর করে জয়পুরহাট গড়ে তুলুন। জাতীয় নাগরিক পার্টির সাথেই থাকুন।”
