গাজীপুরের শ্রীপুর উপজেলায় শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব।”
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,
আমরা ঘোষণা দিয়েছি—মুজিববাদীদের বিচারের আওতায় আনব। এই লড়াই শেষ হয়ে যায়নি। একটি নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি অভিযোগ করেন, গাজীপুরে এখনও সন্ত্রাসীদের টহল চলছে, মহড়া দেয়ার চেষ্টা চলছে।
ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না। আমরা গণঅভ্যুত্থানের শক্তিতে সব ষড়যন্ত্র রুখে দেব,
—জোর গলায় উচ্চারণ করেন নাহিদ।
নাহিদ ইসলাম জানান, গোপালগঞ্জসহ দেশের ৬৪টি জেলায় এনসিপি’র উপস্থিতি রয়েছে এবং প্রতিটি জেলায় পৌঁছানোর অঙ্গীকার নিয়ে তারা কাজ করে যাচ্ছে।
দোয়া মাহফিল শেষে তিনি শহিদদের আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনা করেন এবং আহতদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এসময় স্থানীয় সাধারণ মানুষ ও এনসিপি নেতাকর্মীরা নাহিদ ইসলাম এবং সারজিস আলমকে এক নজর দেখতে ভিড় করেন। পরবর্তীতে তারা রাজবাড়ি মাঠে আয়োজিত পদযাত্রায় অংশ নিতে রওনা দেন।
