জাতীয় পার্টিতে নতুন মহাসচিব, অস্থিরতার মধ্যে জরুরি সংবাদ সম্মেলন আজ।
জাতীয় পার্টির (জাপা) ভেতরকার চলমান টানাপোড়েনের মধ্যেই বড় রাজনৈতিক ঘটনা ঘটলো। দলের চেয়ারম্যান জি এম কাদের সোমবার (৭ জুলাই) ঘোষণা দিয়েছেন, সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
এই ঘোষণার পরপরই দলে নেতৃত্বের দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে। জাপার কেন্দ্রীয় কমিটি আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় দলীয় কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডাকেছে।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই গণমাধ্যমের রিপোর্টার, ক্যামেরাপারসন, প্রেসক্লাব ইউনিট এবং কূটনৈতিক রিপোর্টারদের সংবাদ সম্মেলন কাভারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
দলটির শীর্ষ সূত্র বলছে, শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দলের ভেতর দুইটি শক্তিশালী অংশের মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। দলের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় নেতৃত্বে রদবদল এবং আগামী জাতীয় সম্মেলনকে ঘিরে সম্ভাব্য রোডম্যাপ নিয়েই আজকের সংবাদ সম্মেলনে বিস্তারিত বক্তব্য আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
একাধিক জাপা নেতার দাবি, জি এম কাদেরের সিদ্ধান্তে অনেকেই চাপে পড়েছেন। আবার অনেকে বলছেন, এটি দলের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ারই অংশ। তবে এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসতে এখনো বাকি।
সবার নজর আজকের সংবাদ সম্মেলনের দিকেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে এই সংবাদ সম্মেলন হতে পারে ‘টার্নিং পয়েন্ট’।
