রাজশাহীতে জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে নগরীর গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে অফিসের চেয়ার, ব্যানারসহ কিছু আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেন। পরে প্রায় আধাঘণ্টা অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
ঘটনার আগে রাত ১০টার দিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে মিছিল শুরু করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। বক্তারা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান এবং অভিযোগ করেন, দলটি ক্ষমতাসীনদের সহায়তা করছে।
হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
