জুলাই সনদে সাইন করে ভুল করেছে বিএনপি, এখন কাফফারা দিন: নাসীরুদ্দীন

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি রাজনৈতিক ভুল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৮শে অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,

বাস্তবায়নের প্রক্রিয়া না বুঝে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের ওপর দোষ চাপিয়ে লাভ নেই, ভুলের কাফফারা দেওয়া উচিত।

তিনি জানান, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যখন জুলাই সনদের নতুন খসড়া দেওয়া হবে, তখনই এনসিপি সিদ্ধান্ত নেবে তারা স্বাক্ষর করবে কি না।

গণভোট আগে নাকি জাতীয় নির্বাচনের সঙ্গে হবে—এই বিতর্ককে “বিএনপি-জামায়াতের মল্লযুদ্ধ” হিসেবে আখ্যা দেন নাসীরুদ্দীন। তার ভাষায়, “এমন বিতর্ক সৃষ্টি করে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করা যাবে না। যারা এই তর্কে লিপ্ত, তারা আসলে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন,

গণভোট যখনই হোক, এনসিপি তাতে শুভকামনা জানাবে। তবে তা অবশ্যই সুষ্ঠু প্রক্রিয়ায় হতে হবে।

ঐকমত্য কমিশন প্রসঙ্গে নাসীরুদ্দীন দাবি করেন,

এতদিন এটা ছিল সালাহউদ্দিন কমিশন। এখন এটি নিজের মেরুদণ্ড ফিরে পেয়েছে। সালাহউদ্দিন কমিশন দেশকে ভিন্ন পথে নিতে চেয়েছিল, এনসিপি সেটিকে সঠিক পথে ফিরিয়ে এনেছে।

রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি বলেন,

বিএনপি গত ১৫ বছর আওয়ামী লীগের গদি দিনের বেলা নড়াত, রাতে আবার ঠিক করে দিত। কিন্তু আমরা সেই গদি দিনেও নড়িয়েছি, রাতেও নড়িয়েছি।

এসময় নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন,

নির্বাচন কমিশনের যদি সত্যিই সাহস থাকে, তবে তারা আমাদের ‘শাপলা’ ছাড়া অন্য প্রতীক দিক—দেখা যাক, তাদের জোর কতটুকু।

নাসীরুদ্দীনের এমন বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে—জুলাই সনদের বাস্তবায়ন ঘিরে বিএনপির কৌশলগত অবস্থান কি সত্যিই ভুল ছিল, নাকি এটি কেবল প্রতিপক্ষের চাপ সৃষ্টির কৌশল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *