সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে তারাবির নামাজ চলাকালে মসজিদ থেকে টেনে বের করে এক ছাত্রনেতার ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে।
আক্রান্ত ব্যক্তি মোঃ জিহাদ, যিনি বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি। হামলার ঘটনাটি ঘটে বাউরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জমির মাজির মসজিদে, পবিত্র সালাতুত তারাবি চলাকালে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুসল্লিরা যখন তারাবির নামাজ আদায়ে ব্যস্ত ছিলেন, তখন জাসিব, নিরব, নাঈম ও ‘ইয়াবা জামাল’-এর নেতৃত্বে একদল ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা ইবাদতরত মোঃ জিহাদকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে মসজিদ আঙিনার বাইরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
মসজিদ থেকে বের করার পর সন্ত্রাসীরা জিহাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা তাকে উদ্দেশ্য করে বার বার বলতে থাকে-
তুই কেন ছাত্রশিবির করিস?
নির্বাচনী প্রচারণায় কেন দাঁড়িপাল্লার হয়ে কেন কাজ করলি?
প্রত্যক্ষদর্শীদের দাবি, তাকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যা চেষ্টা করা হয়। এলোপাতাড়ি আঘাতের ফলে মো: জিহাদ রক্তাক্ত ও গুরুতর আহত হন।
পরে জিহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
মসজিদের ভেতর থেকে একজন মুসল্লিকে টেনে বের করে মারধরের ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
