চট্টগ্রামে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নগরীর হালিশহর এলাকার এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। এতে ঘরে থাকা নারী ও শিশুসহ পরিবারের কয়েকজন সদস্য দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ জানান, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ভোররাতে অগ্নিদগ্ধ আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য।
