ঢাকায় ৭ স্থানে চালু হলো পরীক্ষামূলক ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেম

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

রাজধানীর যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করতে আজ থেকে চালু হলো ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম। প্রাথমিকভাবে ঢাকার দুই সিটি করপোরেশনের সাতটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই সিস্টেম চালু করা হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১৮ কোটি টাকা।

২০০১ সাল থেকে শুরু করে গত দুই দশকে ঢাকায় আধুনিক ট্রাফিক সিস্টেম চালুর জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হলেও দুর্বল রক্ষণাবেক্ষণ, অসম্পূর্ণ ট্রায়াল ও অনিয়মের কারণে কোনো প্রকল্পই সফল হয়নি। এবার হাইকোর্ট এলাকা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সাতটি ইন্টারসেকশনে সিস্টেমটি চালুর পর ধাপে ধাপে ২২টি স্থানে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ডিটিসিএ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, দুই থেকে তিন সপ্তাহের এই পরীক্ষামূলক কার্যক্রমের মূল লক্ষ্য সচেতনতা তৈরি, ত্রুটি শনাক্তকরণ ও সিস্টেমের কার্যকারিতা যাচাই।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিন বলেন, শহরজুড়ে এই অটোমেশন সিস্টেম সম্প্রসারণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। অন্যদিকে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, নতুন সিস্টেমে সিগন্যাল অমান্য করলে সরাসরি জরিমানার মুখে পড়তে হবে চালকদের।

নগরবাসীর আশা, এই সিস্টেম কার্যকরভাবে চালু হলে যানজটের কারণে প্রতিদিন নষ্ট হওয়া মূল্যবান সময় সাশ্রয় হবে এবং ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় আসবে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পরিবর্তন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *