নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শুটার ইকবাল (৩৫) ও জালাল উদ্দিন (৬৫) আটক হয়েছেন। অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় রায়পুরা আর্মি ক্যাম্প।
এর আগে বুধবার দিনব্যাপী রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে গোপীনাথপুর, বালুয়াকান্দি ও আশপাশের চরাঞ্চলে অভিযান চালানো হয়।
অভিযানে ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় ওয়ান শুটার গান, ৯টি কার্তুজ, ৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৩টি দেশীয় বল্লম, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, বন্দুকের কভার, মানিব্যাগ, কাগজপত্র, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথবাহিনী জানায়, আটক শুটার ইকবালের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। অপরদিকে জালাল উদ্দিনের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।
বর্তমানে চরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।
প্রসঙ্গত, রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি একাধিক হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
