গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঝুটের গুদামে লাগা ভয়াবহ আগুন প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের টানা অভিযানে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ীর দেউলিয়া বাড়ি এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে হঠাৎ একটি গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় এবং বাতাসের তীব্রতায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গুদামে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট এবং উপ-সহকারী পরিচালকের নেতৃত্বে একটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ছয়টি ইউনিটের টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন,

পাশাপাশি শতাধিক ঝুটের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণত এ এলাকায় পানির সংকট থাকে, তবে এবার ঘটনাস্থলের পাশে একটি পুকুর এবং স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে পানির জোগান পাওয়ায় আগুন নেভানো কিছুটা সহজ হয়েছে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। পাশাপাশি কোনাবাড়ী এলাকায় গড়ে ওঠা অধিকাংশ ঝুটের গুদাম ফায়ার সেফটি ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে। এ বিষয়ে মালিকদের বারবার সতর্ক করা হলেও তারা নিয়ম মানছেন না। শিগগিরই এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *