সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত টহলের পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য, আর গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে জাল টাকা প্রবেশের বিষয়ে তথ্য পাওয়ার পর থেকেই তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি বলেন,
এ ধরনের অনৈতিক কার্যক্রম প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত পোস্ট ও টহল দলগুলোকে সতর্ক নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, কোনোভাবেই যাতে জাল টাকা দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তের প্রতিটি পয়েন্টে কড়াকড়ি নজরদারি চালানো হচ্ছে। যাত্রী বা পণ্যবাহী যানবাহনের গতিবিধিও এখন কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির কর্মকর্তারা মনে করেন, সীমান্তে এই সতর্কতা বজায় থাকলে জাল টাকা চক্রের কার্যক্রম ব্যাহত হবে এবং দেশের অভ্যন্তরে এর বিস্তার রোধ করা সম্ভব হবে।
