বরিশালে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

বরিশাল নগরীর দুটি পৃথক স্থানে একটি বহুতল ভবন ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় দুই ঘটনাতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন্স রোডের বিএস টাওয়ার এবং বান্দ রোডে অবস্থিত সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘র‍্যাগ ডে’ অনুষ্ঠান চলাকালে ভেতরের জেনারেটর কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ৯৯৯ নম্বরে কল করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয়ের শিক্ষক অলক সরকার জানান, আগুন লাগার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

অন্যদিকে, একই দিনে পুলিশ লাইন্স এলাকার বিএস টাওয়ারের সপ্তম তলায় একটি পার্লারের কার্নিশে রাখা এসি থেকে আগুন লাগে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাতেও কেউ আহত হয়নি।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, দুটি ঘটনাতেই দ্রুত সাড়া দেওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি। মডেল স্কুলে একটি প্যানেল বোর্ড পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমের ফলে বড় ধরনের প্রাণহানি বা ক্ষতির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *