যশোরে স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক

যশোর প্রতিনিধি

1 Min Read

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর সদর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শেখ অলিউল্লা (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের বাসিন্দা শেখ আরিজুল্লাহর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলিউল্লাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ১.০২০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অলিউল্লা স্বীকার করেছেন যে তিনি স্বর্ণগুলো ঢাকা থেকে সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *