বঙ্গোপসাগরের কক্সবাজারের ইনানী উপকূলসংলগ্ন গভীর সমুদ্র এলাকা থেকে অবৈধ একটি আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ জাল ও সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ‘সমুদ্র প্রহরা’র অংশ হিসেবে কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের চারটি ট্রলিং জাল এবং আনুমানিক এক হাজার ৭৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
