রাঙ্গামাটির কাপ্তাই লেকে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে ইফরাত উদ্দিন (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলার বালুখালী এলাকায় অবস্থিত স্বর্ণদ্বীপ আইল্যান্ড রিসোর্ট সংলগ্ন হ্রদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইফরাত উদ্দিন পুরান ঢাকার নাজির বাজার এলাকার বাসিন্দা। তিনি বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটিতে ঘুরতে এসেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে ছয় বন্ধু মিলে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নামেন। শুরুতে সবাই লাইফ জ্যাকেট পরলেও ইফরাত উদ্দিন তা পরেননি। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর কায়াকিং বোটটি হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এ সময় ইফরাত পানিতে পড়ে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় হ্রদ থেকে ইফরাতের মরদেহ উদ্ধার করা হয়।
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, গরম অনুভব করায় ইফরাত লাইফ জ্যাকেট খুলে ফেলেছিলেন। কায়াকিংয়ের সময় নিজেদের মধ্যে হাসি-ঠাট্টার এক পর্যায়ে নৌকাটি উল্টে যায় এবং তিনি পানিতে ডুবে যান।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
