গাইবান্ধার সাদুল্লাপুরে অফিস রুমে ঝুলন্ত অবস্থায় এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ধাপেরহাট এলাকায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শাখা কার্যালয়ের আবাসিক কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম বিল্লাল হোসেন (৩৫)। তিনি সংস্থাটির সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলায়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের অ্যাঙ্গেলের সঙ্গে গামছা ও মাফলার পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বিল্লাল হোসেন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে জানা গেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
