ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশি ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৪ জন বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দীর্ঘদিন আটকে থাকার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটে।

সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর এসব বাংলাদেশি ভারতের তামিলনাড়ু রাজ্যের সালেম স্পেশাল ক্যাম্পে আশ্রয়ে ছিলেন।

ফেরত আসা ২৪ জনের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। তারা কুমিল্লা, ঢাকা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রত্যাবর্তনকারীদের মধ্যে রয়েছেন— ইয়াসিন তালুকদার, জোবেদা বেগম, সোনিয়া বেগম, পারভীন, লাবনী আক্তার সুমাইয়া, ফাহিমা, রিয়াজ তালুকদার, জুবাইর আসলাম, পারভেজ, জুবাইদা, ইউসুফ খান, ইয়ামিন, সুজান সরদার, ইলিয়াস খান, বকুল বেগম, আব্দুল সালাম হাওলাদার, মুকুল, ইব্রাহিম হাওলাদার, ফাজুল হাওলাদার, মারুফ হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার, কুলসুম আক্তার, কাইয়ুম মিয়া ও জাফর আহমেদ।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, পাচার চক্রের প্রলোভনে পড়ে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে এসব বাংলাদেশিকে। এ ঘটনায় জড়িত দালাল ও পাচারকারীদের শনাক্তে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *