হাদিকে হত্যা করে ভারত নিজেকেই হত্যা করেছে: ফয়জুল করিম

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতকে কঠোর ভাষায় অভিযুক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, হাদিকে হত্যা করে ভারত আসলে নিজের রাজনৈতিক ও নৈতিক অবস্থানকেই হত্যা করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জনসমুদ্রে পরিণত হওয়া সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ফয়জুল করিম বলেন, ভারত ভেবেছিল হাদিকে হত্যা করলে বাংলাদেশে তাদের আধিপত্য আরও দৃঢ় হবে, কিন্তু বাস্তবে এর ফল উল্টো হয়েছে।

তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, বাংলাদেশের মানুষ কখনো ভারতের গোলামি মেনে নেবে না। ইনশাআল্লাহ, এই দেশের মানুষ মাথা উঁচু করেই বাঁচবে।

হাদি হত্যার সঙ্গে জড়িতদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, যারা আমাদের দেশের খুনিদের আশ্রয় দিয়েছে, তারা বাংলাদেশের শত্রু ও দুশমন। অবিলম্বে হত্যাকারীদের বাংলাদেশে ফেরত দিয়ে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ভারতকে হুঁশিয়ারি দিয়ে ফয়জুল করিম আরও বলেন, খুনিদের ফেরত না দিলে বাংলাদেশের মানুষ এমন প্রতিবাদ গড়ে তুলবে, যা ভারতের জন্য উপেক্ষা করা অসম্ভব হয়ে উঠবে। প্রয়োজনে ভারতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি উঠবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল আমিন চৌধুরী, বরিশাল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহীম হোসাইন মৃধা, মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়াসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হাদি হত্যার বিচার ও খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়ে নেতারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, দেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের ওপর আঘাত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *