চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুজন নিহত, ক্ষুব্দ জনতা

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের একটি ফাঁড়ি ও ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতার তাণ্ডবে বেশ কিছু সরকারি স্থাপনা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বিশ্বরোড মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে প্রথমে ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে উত্তেজিত জনতা সদর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং সেখানে থাকা আরেকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউস মোড়ে ট্রাফিক পুলিশের একটি চেকপোস্ট থেকে পালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী সড়ক অবরোধ করে। বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

নিহতরা হলেন— জেলা শহরের পোলাডাঙ্গা পচাপুকুর এলাকার শাহ আলমের ছেলে রিফাত আলী (১৭) এবং জোড়বাগান এলাকার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ আলী (১৮)। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। রিফাত ঘটনাস্থলেই মারা যান এবং সোহাগ হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হঠাৎ প্রাণহানিতে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *