দেশের সব বিমানবন্দরে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (১১ নভেম্বর) এ-সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে সব বিমানবন্দরে।
নির্দেশনায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা টহল ও সিসিটিভি নজরদারি বাড়ানো, জনবল সর্বোচ্চ পর্যায়ে রাখার পাশাপাশি সব ধরনের নিরাপত্তা সরঞ্জাম সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিমানবন্দরে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করতে হবে এবং সাধারণ জনসাধারণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নিরাপত্তা কর্মীদের নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে র্যান্ডম নিরাপত্তা তল্লাশি, যাত্রী, ব্যাগেজ ও যানবাহনের যথাযথ তল্লাশি নিশ্চিত করতে বলা হয়েছে। স্পর্শকাতর এলাকা ও সীমানাপ্রাচীর এলাকায় নিয়মিত নিরাপত্তা টহল এবং সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
নিরাপত্তা সরঞ্জাম যেমন স্ক্যানার, মেটাল ডিটেক্টর ও সিসিটিভি প্রতিদিন পরীক্ষা করে কার্যকারিতা নিশ্চিত করতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
অগ্নিসুরক্ষা নিশ্চিত করতেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। গ্যাস ও বৈদ্যুতিক লাইন পরিদর্শন করে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সক্রিয় রাখতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দিয়েছে বেবিচক।
