জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করেন,
তাজউদ্দীন হলে আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ভোটার তালিকায় ছবি নেই, ২১ নম্বর হলে ভয়ভীতি ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এমনকি জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর ওপর শারীরিক হামলাও চালানো হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী ব্যালট ও ওএমআর মেশিন সরবরাহে স্বচ্ছতা ছিল না। তাঁর দাবি, “আমরা ওই প্রতিষ্ঠানের সরঞ্জাম চাইনি, তবু তাদের সরবরাহকৃত ব্যালট দিয়েই ভোট গ্রহণ চলছে। এতে করে ১০ থেকে ২০ শতাংশ ব্যালট শিবিরকে আগেই দেওয়া হয়েছে কি না—এ নিয়ে আমাদের গুরুতর আশঙ্কা আছে।”
সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, এসব অনিয়মের কারণে নির্বাচন তার নিরপেক্ষতা হারিয়েছে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়ায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প ছিল না।
