টেকনাফের সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে আবারও বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এবার অন্তত ৩০ জন জেলে এবং পাঁচটি মাছ ধরার ট্রলারকে জিম্মি করেছে তারা।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারগুলোর মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার এবং দুটি শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকানাধীন।
টেকনাফ পৌর বোট মালিক সমিতি জানায়, সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব সাগরে মাছ ধরছিলেন জেলেরা। হঠাৎ দুটি স্পিডবোটে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে পাঁচটি ট্রলারসহ সবাইকে ধরে নিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, ঘটনাটি তারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এর আগে গত ৫ থেকে ৩১ আগস্টের মধ্যে ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এখনও নিখোঁজ রয়েছেন তারা।
শুধু চলতি বছরের ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে অন্তত ৩২৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিদ্রোহী গোষ্ঠীটি। বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা সম্ভব হলেও অনেকেই এখনও অজ্ঞাতস্থানে বন্দি রয়েছেন।
