শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে তৈরি হয়েছে সর্বাত্মক নিরাপত্তা বলয়। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে নজিরবিহীন পরিমাণে।
দেশব্যাপী মোট ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে বিজিবির ৪৩০ প্লাটুন। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে যাতে কোনো অশান্তি তৈরি না হয়, সেজন্য সেখানে গড়ে তোলা হয়েছে ২৪টি বেইজ ক্যাম্প। পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল কার্যক্রম।
তথ্য অনুযায়ী, বিজিবির নিরাপত্তা বলয়ের আওতায় সীমান্ত ও পার্বত্য অঞ্চলে রয়েছে ১ হাজার ৪১১টি পূজামণ্ডপ। সীমান্তের বাইরের মণ্ডপের সংখ্যা ১ হাজার ৪৪৬টি। এর মধ্যে রাজধানী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে রয়েছে ৪৪১টি, চট্টগ্রাম ও আশপাশে ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে রয়েছে আরও ৩১১টি মণ্ডপ।
নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে বিজিবি। উৎসবমুখর পরিবেশে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য গোয়েন্দা কার্যক্রম জোরদারের পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহলও চালানো হচ্ছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের জনগণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেটিই এখন তাদের প্রধান লক্ষ্য। জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ এই বাহিনী পূজার দিনগুলোতে থাকবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।
