রাজধানীর তেজগাঁওয়ে জুমার নামাজের পর অনুষ্ঠিত এক ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে হঠাৎ এ মিছিল বের হয়। সেখানে সরকারবিরোধী নানা উস্কানিমূলক স্লোগান দেওয়া হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। মিছিলটি মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি করে।
গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ডিবি পুলিশ নাহিদা নূর সুইটিকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ বলছে, তিনি কেবল অংশগ্রহণই নয়, বরং পুরো মিছিলটির আয়োজক ছিলেন।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। নাহিদা নূর সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা বলছেন, হঠাৎ মিছিল বের হওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে দ্রুত পুলিশি পদক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
