কুড়িগ্রামে আ.লীগের হামলায় পুলিশের ৬ সদস্য আহত

কুড়িগ্রাম প্রতিনিধি

2 Min Read

কুড়িগ্রামের রাজিবপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। সরকার উৎখাতের পরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে পোস্টার টানানোর অভিযোগে অভিযান চালাতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজিবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায়। শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ হুমায়ুন করিকে আটক করলে, হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কনস্টেবল ইয়াছিনসহ ছয়জন পুলিশ সদস্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০–৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উত্তর চর সাজাই মন্ডলপাড়া এলাকার আব্দুর রহিম আহমেদ (২৫) ও ইয়াকুব আলী (২৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,

খবর পেয়ে আমরা সেখানে যাই। আমাদের উপস্থিতি লক্ষ্য করেই স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। হামলায় আমাদের ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এলাকাজুড়ে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *