গাজীপুরে ডাকাতির এক ঘণ্টার মধ্যেই উদ্ধার ৪৬ মহিষসহ দুই ট্রাক

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

গাজীপুর সদরের হারিনাল বাজার এলাকায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে ডাকাতির শিকার হওয়া ৪৬টি মহিষ ও দুটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি স্থানীয়ভাবে ‘মুরগী শামীম’ ও ‘গোল্ডেন শামীম’ নামে পরিচিত।

ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটায়। মহিষবোঝাই দুটি ট্রাকের চালকদের মারধর করে দলবদ্ধ ডাকাতরা ট্রাক দুটি ছিনিয়ে নেয়। পথচারীর ফোনে বিষয়টি জানাজানি হলে জরুরি সেবা বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

সংবাদ পাওয়ার পর সদর থানা পুলিশের টহল দল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। প্রায় এক কিলোমিটার ধাওয়া করে মানবকল্যাণ যুবসংঘের সামনে থেকে দুটি ট্রাক উদ্ধার করা হয়। এ সময় এক ডাকাতকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

পুলিশ জানায়, ট্রাক দুটি সিলেট থেকে রাজশাহীর পথে যাচ্ছিল। পথিমধ্যে গাজীপুরে এসে ডাকাতির শিকার হয়। ঘটনায় ট্রাকচালক লোকমান হোসেন বাদী হয়ে মামলা করেছেন। পলাতকদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

উদ্ধার অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, দ্রুত ও  সমন্বিত পদক্ষেপের কারণেই খুব কম সময়ে ট্রাক ও মহিষগুলো উদ্ধার সম্ভব হয়েছে। পুলিশের ধারাবাহিক তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে বলে তারা মনে করেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *