আধিপত্যের দ্বন্দ্বে নোয়াখালীর বেগমগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি আরমান হোসেন বিজয় (১৮) কুপিয়ে হত্যা হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আরমান হোসেন বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নের শাহীন চৌধুরীর ছেলে। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতেন এবং স্থানীয়ভাবে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একলাশপুর থেকে নিজ বাড়ি ফেরার পথে ৪-৫ জন দুর্বৃত্ত আরমানকে পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ গ্রুপের লোকেরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে নিরাপত্তার কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাননি।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক বলেন,

ঘটনার পর থেকে পুলিশ মাঠে কাজ করছে। নিহতের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেগমগঞ্জে সাম্প্রতিক সময়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত ও প্রতিশোধমূলক হামলার ঘটনা বাড়ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে না পারলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *