নারায়ণগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় দেশীয় ও ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদ কার্যালয় ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, কিশোর গ্যাং নামে পরিচিত এই চক্রটি দীর্ঘদিন ধরে পথচারী ও দূরপাল্লার যানবাহনের যাত্রীদের টার্গেট করত। যাত্রীরা সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত নামার পর তাদের ওপর দেশীয় অস্ত্রের মুখে হামলা চালিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকার সোহরাব (২২), মিরাজ (২৮), মনজু (৩০) এবং সস্তাপুর এলাকার আলমগীর হোসেন (৩২)।

অভিযানকালে তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃতরা এলাকার কুখ্যাত একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য, যারা সম্প্রতি কয়েকটি ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় সরাসরি জড়িত ছিল। রাতের বেলায় লিংক রোডের যাত্রীদের লক্ষ্য করে তারা মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত হামলা চালাত।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এদের গ্রেফতারের মাধ্যমে সাম্প্রতিক ছিনতাই ঘটনার সূত্র পাওয়া যেতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *