২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও এক বছরেরও কম সময় বাকি, কিন্তু তার আগেই শুরু হয়েছে উৎসবের আমেজ। ফিফা জানিয়েছে, প্রথম ধাপের টিকিট বিক্রিতে ১০ লাখেরও বেশি টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে—যা আসন্ন আসরকে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহের এক অনন্য উদাহরণ।
চলতি মাসের শুরুতে প্রথম ধাপের টিকিট বিক্রি শুরু হয়। সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এছাড়া ফিফার পরিসংখ্যান অনুযায়ী, টিকিট ক্রয়ে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
ফিফা জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে দর্শকেরা টিকিট কিনেছেন। তবে কোন ম্যাচ বা ভেন্যুতে কত টিকিট বিক্রি হয়েছে, তা এখনও প্রকাশ করা হয়নি।
সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন,
জাতীয় দলগুলো যখন ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করছে, তখন ফুটবলপ্রেমীদের এই উচ্ছ্বাস সত্যিই দারুণ। এটি প্রমাণ করে, বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়—এটি বিশ্বজুড়ে আবেগ, ঐক্য আর সংস্কৃতির মিলনমেলা।
প্রথম ধাপে প্রায় ৪৫ লাখ আবেদন জমা পড়ে, যেখান থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরা টিকিট কেনার সুযোগ পান। আগামী ২৭ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া, যেখানে ১০৪টি ম্যাচের একক টিকিট ছাড়াও দলভিত্তিক ও ভেন্যুভিত্তিক প্যাকেজ টিকিট কেনা যাবে।
আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে—যেখানে বিশ্বের নজর থাকবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নতুন ইতিহাস রচনার অপেক্ষায়।
