খালেদ মাসুদ পাইলটের হঠাৎ সিদ্ধান্ত: কোয়াব থেকে পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

2 Min Read

বাংলাদেশ ক্রিকেটের এক পরিচিত মুখ, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন।

রোববার (১৯ অক্টোবর) কোয়াব সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে পাইলট তার পদত্যাগের সিদ্ধান্ত জানান। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার স্বার্থে তিনি কোয়াবের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

পদত্যাগপত্রে পাইলট লেখেন,

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মান ও গর্বের বিষয় ছিল। এই সময়ে অসাধারণ সহকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং ক্রিকেটারদের কল্যাণে সামান্য অবদান রাখতে পেরেছি। এই অভিজ্ঞতা আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।

তিনি আরও উল্লেখ করেন,

সম্প্রতি আমি বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি। তাই উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করছি। আমার দায়িত্বকালে যেসব সহকর্মী আমাকে আস্থা, সমর্থন ও বন্ধুত্ব দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোয়াব নির্বাচনে সভাপতি হন মোহাম্মদ মিঠুন। একই নির্বাচনে নির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন খালেদ মাসুদসহ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর ও ইমরুল কায়েস।

এরপর ৬ অক্টোবর বিসিবির ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক পদে নির্বাচিত হন পাইলট।
এই দুই ভূমিকায় একসঙ্গে থাকার কারণে স্বার্থের সংঘাত এড়াতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাইলটের পদত্যাগে কোয়াবের নেতৃত্বে নতুন করে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রিকেট অঙ্গনে তার এই পদক্ষেপকে অনেকেই ‘নৈতিক ও পেশাদার সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *