মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হাইকমিশনের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করেন মিশনের কর্মকর্তারা। এরপর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর শিক্ষা ও মানবতার প্রতি অবদানের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নবীজির (সা.) আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেনসহ রাজধানী মালে ও আশপাশের শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা সবাই মিলিতভাবে নবীজির (সা.) প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, নবীজির (সা.) জীবনাদর্শ যথাযথভাবে অনুসরণ এবং তাঁর নির্দেশনা মেনে চলার মধ্যেই বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও কল্যাণ নিহিত রয়েছে। আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে ইসরাইলের হামলায় নিহত ও আহত ফিলিস্তিনিদের জন্যও বিশেষ দোয়া করা হয়।
