সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। আটক ব্যক্তির নাম আব্দুর রহিম (৩২)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আব্দুর রহিমের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা এলাকায়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, করিম শরীফ বাহিনীর সহযোগী নন্দবালা খাল এলাকা হয়ে সুন্দরবনে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে প্রবেশ করবে। পরে সকাল ৬টার দিকে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রহিম পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছে।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
